বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ২০ গ্রেডের তালিকা প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১১, ২০২৬, ১১:০৯ পিএম

১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ২০ গ্রেডের তালিকা প্রকাশ

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঘোষণা দেন।দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো পেলেন সরকারি চাকরিজীবীরা।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য এই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।নতুন এই পে স্কেল পুরোপুরি কার্যকর হতে তিন অর্থবছর সময় লাগতে পারে। ২০২৬-২৭ অর্থবছরে এর আংশিক বাস্তবায়ন শুরু হবে এবং ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে তা পূর্ণাঙ্গ রূপ পাবে। সংশোধিত মূল বেতনের ৫০ শতাংশ প্রাথমিকভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের পার্থক্য ১ অনুপাত ৮ রাখা হয়েছে। সব পর্যায়ে মূল বেতন দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের বেতন ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত হবে।গ্রেড অনুযায়ী মূল বেতনের নতুন কাঠামো:প্রথম গ্রেডে ১ লাখ ৬০ হাজার, দ্বিতীয় গ্রেডে ১ লাখ ৩২ হাজার, তৃতীয় গ্রেডে ১ লাখ ১৩ হাজার, চতুর্থ গ্রেডে ১ লাখ, পঞ্চম গ্রেডে ৮৬ হাজার, ষষ্ঠ গ্রেডে ৭১ হাজার, সপ্তম গ্রেডে ৫৮ হাজার, অষ্টম গ্রেডে ৪৭ হাজার ২০০ এবং নবম গ্রেডে ৪৫ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

দশম গ্রেডে ৩২ হাজার, একাদশ গ্রেডে ২৫ হাজার, দ্বাদশ গ্রেডে ২৪ হাজার ৩০০, ত্রয়োদশ গ্রেডে ২৪ হাজার, চতুর্দশ গ্রেডে ২৩ হাজার ৫০০, পঞ্চদশ গ্রেডে ২২ হাজার ৮০০, ষোড়শ গ্রেডে ২১ হাজার ৯০০, সপ্তদশ গ্রেডে ২১ হাজার ৪০০, অষ্টাদশ গ্রেডে ২১ হাজার, উনবিংশ গ্রেডে ২০ হাজার ৫০০ এবং বিংশ গ্রেডে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আসন্ন বাজেটে বেতন ও ভাতা বাবদ ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ভাতার জন্য ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাজেট বক্তৃতায় প্রস্তাবিত এই বরাদ্দই চূড়ান্ত।