সেপ্টেম্বর ১০, ২০২৬, ১০:১৪ পিএম
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গত চার দিনে ৩৬ হাজার ৯৭ জন গ্রাহক এক হাজার ৪৩১ কোটি টাকা উত্তোলন করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত আবেদন জমা নেওয়ার পাশাপাশি নগদ অর্থ পরিশোধ এবং স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালু ছিল।
টাকা ফেরতের পাশাপাশি নতুন অর্থ জমা পড়ার প্রবাহও অব্যাহত রয়েছে। সর্বশেষ কার্যদিবসে ব্যাংকটিতে ১১ হাজার ৩৮৫টি নতুন আবেদন জমা পড়ে, যার আর্থিক পরিমাণ ৩৭৪ কোটি টাকা। এদিন পূর্বের আবেদন যাচাই শেষে নয় হাজার ৪১ জন গ্রাহককে পরিশোধ করা হয়েছে ৩৯১ কোটি টাকা। এর আগে সাত থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক তুলে নেন মোট এক হাজার ৪০ কোটি টাকা।
আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক পাঁচ হাজার কোটি টাকার তারল্য সহায়তা বরাদ্দ করেছে। চলতি ও সঞ্চয়ী হিসাবের অর্থ উত্তোলনের পাশাপাশি মেয়াদি আমানতের মূল অর্থ এককালীন তুলে নিলে সেটি চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য হচ্ছে এবং কোনো মুনাফা মিলছে না।
চুক্তি বহাল রাখা আমানতকারীরা নির্ধারিত হারে মুনাফা পাচ্ছেন এবং সাত সেপ্টেম্বর থেকে অনলাইনে টাকা স্থানান্তরের সুবিধাও উন্মুক্ত রয়েছে। চরম অনিয়ম ও ঋণ জালিয়াতির শিকার এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে এই নতুন প্রতিষ্ঠান গঠন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন