বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০১:৩০ পিএম

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন অবরোধ

৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আন্দোলনকারীরা ঢাকা-ময়মনসিংহগামী তিস্তা ট্রেন আটকিয়ে রেখে আন্দোলন করছেন।

ফলে ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও রেল অবরোধ চলবে।

এসময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অবরোধে অংশগ্রহণ করেন।শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, "শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে।

পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।"এর আগে, শনিবার (২২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হন। এরপর বিকেল সাড়ে ৪টায় রেল অবরোধের উদ্দেশে রেললাইনে অবস্থান নিলে ময়মনসিংহের রুটের তিনটি ট্রেন সাড়ে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে।

সেই অবরোধের ফলে ঢাকা গামী তিস্তা ও মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জ গামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন তিনটি আটকে থাকায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ব্যাহত হয়। পরে রাত ৮টা ২০ এর দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং সেদিনের মতো অবরোধ তুলে নেন। তবে আজ সকাল থেকে আবার নতুন করে এই অবরোধ শুরু হয়।