নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৫২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, সকল আবাসিক হল আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নে নিজ নিজ হলের প্রভোস্টদের দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো- ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্যান্য প্রভোস্টবৃন্দ সংযুক্ত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ নিম্নরূপ:
১. হল খালির নির্দেশনা: গত শনিবার জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের শিক্ষার্থীদের রোববার বিকেল ৫টার মধ্যে হল খালি করার বিষয়ে স্ব-স্ব হলের প্রভোস্টদের দায়িত্ব প্রদান করা হয়।
২. চাবি ও মূল্যবান জিনিসপত্র: হল ছেড়ে যাওয়ার সময় শিক্ষার্থীগণ তাদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হবে এবং রুমের চাবি হল প্রশাসনের নিকট জমা দিয়ে যাবে এই মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
৩. ডাইনিং-ক্যান্টিন বন্ধ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকবে।
উল্লেখ্য, পরপর কয়েক দফা ভূমিকম্প এবং ক্যাম্পাসে সৃষ্ট আতঙ্কের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন