নভেম্বর ২৪, ২০২৫, ১০:৩৭ পিএম
মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এর বিচার এবং আটক বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি (শিক্ষক-ছাত্র কেন্দ্র) থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে অংশ নিয়ে বক্তারা সরকারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার কঠোর সমালোচনা করেন। সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান তার বক্তব্যে বলেন, সরকার প্রত্যেকটি মানুষের নিরাপত্তাবোধ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং দেশে যত ধরনের জনরোষের ঘটনা ঘটেছে, তার ব্যর্থতা মূলত সরকারের ওপর বর্তায়।
তিনি সমাজের প্রতি আহ্বান জানান—প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে এবং পাড়ায় পাড়ায় সকল প্রতিষ্ঠানকে পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে কখনো কোনো প্রতিষ্ঠান বা সরকারের হাতে ছেড়ে দেওয়া যাবে না এবং সবসময় নিজেদের সজাগ থাকতে হবে। স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে দেশের সকল আন্দোলন ছাত্র-জনতা করেছে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য হেমা চাকমা তার বক্তব্যে সব ধর্ম, সব জাতি ও সব গোষ্ঠীর সক্রিয়ভাবে কথা বলার অধিকারের ওপর জোর দেন। তিনি বলেন, একজন বাউল যেমন রাস্তায় গান গাইবে ও বাদ্যযন্ত্র বাজাবে, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি মানুষ, সে যে ধর্ম বা জাতিগোষ্ঠীরই হোক না কেন, তার কথা বলার, গান গাওয়ার ও নাচ করার অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশার সঞ্চালনায় এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশানের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে বাউলদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবি জানান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন