রকিবুল হাসান মুন্না
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকারের পাশে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আনুষ্ঠানিকভাবে নিলয়ের হাতে মেধা বৃত্তির চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
ইউনিভার্সেল হেল্প হাব (ইউএইচএইচ)-এর উদ্যোগ ও সহায়তায় এই মেধা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তির আওতায় নিলয় সরকারকে আগামী এক বছরের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
চেক হস্তান্তরকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বিপদে পড়লে প্রশাসন তার পাশে থাকবে, এটাই আমাদের নৈতিক দায়িত্ব।
নিলয়ের চিকিৎসা ও পড়াশোনা যেন নির্বিঘ্নে চলতে পারে, সে লক্ষ্যেই এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।”উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন শিক্ষার্থী নিলয় সরকার।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার চিকিৎসার দায়িত্ব নেয় এবং উপাচার্য নিজে তার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রশাসনের এই মানবিক উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানিয়েছেন।