সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১১:৪৬ পিএম

বেরোবিতে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই জানাজা আদায় করা হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে প্রয়াতের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণের শক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।জানাজা শেষে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন:ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক।

আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে তিনি যে সংগ্রাম করে গেছেন, তা চিরস্মরণীয়। জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এ ধরনের হত্যাকাণ্ড আমরা কল্পনাও করিনি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ে ঘাতকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা হোক।ইনকিলাব মঞ্চের বেরোবি শাখার আহ্বায়ক মো. জাহিদ হাসান জয় বলেন, হাদি ভাই এ বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সাহসের সঙ্গে কথা বলে গেছেন।

তাঁর রেখে যাওয়া কাজগুলো এখন আমাদের সবার সংগ্রাম। আমরা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানাচ্ছি।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাদি। তাঁর মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। হাদির স্মৃতি রক্ষায় বিশ্ববিদ্যালয়ে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, তা নিয়েও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা চলছে।