ডিসেম্বর ২০, ২০২৫, ০৫:৫২ পিএম
জুলাই অভ্যুত্থানের বীর সেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, ‘হাদির পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ পরিবারেরই অংশ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে হাদিকে দাফন করার পর তিনি এসব কথা বলেন।
উপাচার্য উল্লেখ করেন, যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ সন্তানরা শায়িত আছেন, সেখানেই হাদিকে দাফন করা হয়েছে।
তিনি বলেন:এই স্থানে শহীদ হাদিকে দাফনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যোগ্য সন্তানের প্রতি যথাযথ সম্মান জানিয়েছে। এই কঠিন সময়ে হাদির পরিবার যে ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।ড. নিয়াজ আহমদ খান জানান, হাদির দাফনের বিষয়ে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পরিবারের সম্মতি সাপেক্ষে হাদিকে এই মর্যাদাপূর্ণ স্থানে দাফন করা হবে।
সিন্ডিকেট সভায় হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানানো হয় বলেও তিনি উল্লেখ করেন।ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শহীদের উচ্চ মর্যাদার কথা স্মরণ করে উপাচার্য বলেন, “রাসুলুল্লাহর (সা.) হাদিসে শহীদের যে বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে, তার প্রতিফলন আমরা আজ এই আয়োজনের মধ্য দিয়ে অনুভব করেছি।” তিনি হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন