রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

৩ দাবিতে ঢাবি উপাচার্যের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে ডাকসু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৮:০৮ পিএম

৩ দাবিতে ঢাবি উপাচার্যের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে ডাকসু

মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার রাতে ডাকসুর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়।

ডাকসুর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হলো— ১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে জুলাই বিপ্লবের বীর সেনানী ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণ করা। ২. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে সীমান্ত হত্যায় শহীদ ‘ফেলানী হল’ নামকরণ করা।

৩. জুলাই গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া বা সমর্থন দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষে খুব শিগগিরই তারা উপাচার্যের কার্যালয় ঘেরাও করবে। জুলাই বিপ্লবের স্পিরিট বজায় রাখতে এবং ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতেই তারা হলগুলোর নাম পরিবর্তনের এই সাহসী দাবি সামনে এনেছে। একইসঙ্গে গণহত্যার সমর্থনকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার বা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শহীদ ওসমান হাদিকে আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাফন করা হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং জুলাই বিপ্লবের ইতিহাসকে চিরস্থায়ী করতেই ডাকসু এই উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।