ডিসেম্বর ২০, ২০২৫, ১০:৪৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম আবাসিক হল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হলের প্রধান ফটকের ওপর থেকে পূর্বের নাম মুছে নতুন এই নামকরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, রাত ৯টার দিকে হলের সামনে একটি বড় ক্রেন নিয়ে আসা হয়। এরপর শিক্ষার্থীদের উপস্থিতিতে হলের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ লেখাটি মুছে ফেলা হয় এবং সেখানে বড় অক্ষরে ‘শহীদ ওসমান হাদি হল’ লিখে দেওয়া হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় ডাকসুর পক্ষ থেকে তিন দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছিল।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, শুধুমাত্র নাম পরিবর্তনই নয়, হলের দেয়ালে থাকা ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের বিশাল দেয়ালচিত্রটিও ক্রেন দিয়ে মুছে ফেলা হচ্ছে। তিনি বলেন, “ মুজিবের দেয়ালচিত্র মুছে সেখানে জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ ওসমান হাদির গ্রাফিতি আঁকা হবে।”উল্লেখ্য, ডাকসুর তিন দফা দাবির মধ্যে অন্যতম ছিল— মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের নাম পরিবর্তন করে ‘ফেলানী হল’ রাখা।
এছাড়া জুলাই গণহত্যার সমর্থকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে।আজ বিকালেই শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়েছে। দাফন পরবর্তী আবেগ ও ক্ষোভ থেকেই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই নাম পরিবর্তনের কাজে অংশ নেন। তবে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন