রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দিচ্ছেন ড. মাসুদুল হক

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:২৬ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দিচ্ছেন ড. মাসুদুল হক

ছবি-দিনাজপুর টিভি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও খ্যাতিমান কথাসাহিত্যিক ড. এ. কে. এম. মাসুদুল হক। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তিনি এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১৯ নভেম্বরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই চৌকস কর্মকর্তাকে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

সর্বশেষ তিনি দিনাজপুরের বীরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে ৪ বছরেরও বেশি সময় অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষকতার পাশাপাশি ড. মাসুদুল হক সাহিত্য ও গবেষণার জগতে এক পরিচিত নাম। ২০০৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করা এই গবেষক বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বাঙালি চিন্তা’ প্রকল্পের সম্পাদক এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। দেশীয় সাহিত্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পদচারণা দীপ্ত। ২০২০ সালে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী পত্রিকা ‘The Poet’ তাঁকে “International Poet of the Week” হিসেবে সম্মানিত করে। ২০২১ সালে পর্তুগাল থেকে লাভ করেন ‘গোল্ডেন শিল্ড’ সম্মাননা।

গল্পগ্রন্থ ‘তামাকবাড়ি’, উপন্যাস ‘দিনমুলুক’সহ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশটি। সাহিত্যে অবদানের জন্য তিনি বগুড়া লেখক চক্র পুরস্কার, চিহ্ন পুরস্কার, জেলা শিল্পকলা একাডেমি পুরস্কার এবং সর্বশেষ ২০২৫ সালে ‘মহীয়সী সম্মাননা’সহ অসংখ্য স্বীকৃতি লাভ করেছেন।শিক্ষা প্রশাসন ও সাহিত্য—উভয় ক্ষেত্রেই সমানভাবে দক্ষ ড. মাসুদুল হকের এই পদায়ন দিনাজপুর অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় নতুন গতির সঞ্চার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।