রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

জাবিতে প্রক্সি দিতে আসা ঢাবি শিক্ষার্থীসহ দুই জনকে কারাদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০৮:৩৩ পিএম

জাবিতে প্রক্সি দিতে আসা ঢাবি শিক্ষার্থীসহ দুই জনকে কারাদণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি বা অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে হাতেনাতে ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

আটককৃত ওই শিক্ষার্থীসহ মূল পরীক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জালিয়াতির শিকার হওয়া শিক্ষার্থীর সকল ইউনিটের পরীক্ষা বাতিল ও স্থায়ীভাবে রেজিস্ট্রেশন ব্লক করে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর ছবির সাথে চেহারার অমিল খুঁজে পান পরিদর্শক।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে প্রক্টর অফিসে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। আটককৃত ব্যক্তির নাম মো. এহসানুল হক জিসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। তিনি মূলত রাফিদ হোসেন সাজিদ নামে এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।জাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান, প্রক্সিদাতার স্বীকারোক্তির পর কেন্দ্রের সামনে থেকেই মূল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকেও আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মূল পরীক্ষার্থী জাবির আরও যে ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাগুলোও বাতিল করা হয়েছে। ভবিষ্যতে সে যেন জাবিতে আর কখনো কোনো পরীক্ষায় অংশ নিতে না পারে, সেজন্য তাকে কালো তালিকাভুক্ত বা ব্লক করা হয়েছে। ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।