ডিসেম্বর ২৩, ২০২৫, ০৭:৩৫ পিএম
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ভাবগম্ভীর আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ‘রাজশাহী সংস্কৃতি সংসদ’ এবং ‘শব্দ-কলা’র যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মরণ সভায় বক্তারা বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরিফ ওসমান হাদি হয়ে উঠেছিলেন বাংলাদেশের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের মানসপুত্র ও এক বিদ্রোহী সন্তান।
মাত্র ৩২ বছর বয়সেই তার সাহসিকতা ও আদর্শিক অবস্থান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এ দেশের গণমানুষের মুক্তির জন্য যে বিশ্বাসী সংস্কৃতির বিকাশের চেষ্টা করেছেন, তা ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস এবং চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. এ কে এম আজহারুল ইসলাম।
কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে শহীদ হাদির স্মরণে নিবেদিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, ড. বিশ্বাস আমিন, ড. মঞ্জিলা শরীফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। বক্তারা আরও বলেন, ওসমান হাদি এখন কেবল একজন ব্যক্তি নন, বরং একটি আদর্শিক বিদ্রোহের প্রতীক, যা আগামী প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে অনুপ্রাণিত করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন