ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৩১ পিএম
দীর্ঘদিন পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পর মন্ত্রী সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মেধার স্বীকৃতি হিসেবে এই বৃত্তির গুরুত্ব তুলে ধরেন।এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভের তালিকায় স্থান পেয়েছে।
এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ১৮০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০৮ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে। সরকারের বর্তমান নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হার এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে এসব বৃত্তি প্রদান করা হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর সব মিলিয়ে ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলতি বছরের ৫ জানুয়ারি পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সারা দেশের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনা মহামারি ও জাতীয় কারিকুলাম পরিবর্তনের নানা প্রেক্ষাপটে মাঝে কিছুদিন এই পরীক্ষা বন্ধ থাকার পর পুনরায় তা চালু করায় শিক্ষার্থীদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে প্রেরণা জোগাবে এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে বড় ভূমিকা পালন করবে।প্রকাশিত এই ফলাফল এখন থেকে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে সংগ্রহ করা যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতেও এই ফলাফল তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতা বজায় রেখে এবং আধুনিক ডিজিটাল পদ্ধতিতে মেধার ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পরীক্ষার সার্বিক ফলাফলে এবারের মেধার গুণগত মান গত কয়েক বছরের তুলনায় আশাব্যঞ্জক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন