ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৭:০১ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই নতুন কমিটির ঘোষণা ও অভিষেক সম্পন্ন হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নতুন মনোনীত নেতাদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কেন্দ্রীয় নেতৃত্বে এমন অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির ছাত্র রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কেন্দ্রীয় এই কমিটিতে ৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় পর্ষদের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে অফিস সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ, যিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
তিনি এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফাউন্ডেশন সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আব্দুল মোহাইমিন। তিনিও রাবি শাখার সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ। তিনি অ্যাগ্রিকালচার অ্যান্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও বর্তমান রাকসু ভিপি হিসেবে পরিচিত।
সম্পাদকীয় পদের পাশাপাশি কেন্দ্রীয় কার্যকরী পরিষদেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী স্থান পেয়েছেন। তাদের একজন হলেন বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান নাজির, যিনি বর্তমানে রাজশাহী মহানগর শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যজন হলেন মুজাহিদ ফয়সাল, যিনি ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
কেন্দ্রীয় এই অধিবেশনে সংগঠনটির আগামী বছরের কর্মপরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং মনোনীত নেতারা তাদের দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তার বক্তব্যে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে দক্ষ ও সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীরা কেন্দ্রীয় নেতৃত্বে তাদের অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন। এই ঘোষণার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ থেকে আসা এসব শিক্ষার্থীদের পদায়ন মূলত তাদের পূর্ববর্তী সাংগঠনিক দক্ষতা ও সক্রিয়তার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন