মার্চ ২৬, ২০২৬, ০৯:৫৬ পিএম
দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে এই ভর্তি যুদ্ধের আনুষ্ঠানিকতা শুরু হবে। এবারের শিক্ষাবর্ষে ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৩ হাজার আসনের বিপরীতে মোট ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
যার মধ্যে বিজ্ঞান বা ‘এ’ ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, মানবিক বা ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ব্যবসায় শিক্ষা বা ‘সি’ ইউনিটে ২৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী রয়েছেন।
ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা দেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
এ বছরও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বহাল রাখা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব অধ্যাপক ড. মনজুরুল হক জানিয়েছেন যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। সি ইউনিটের পরীক্ষার পর পর্যায়ক্রমে ৩ এপ্রিল বি ইউনিট এবং ১০ এপ্রিল এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক স্থাপনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও সক্রিয় রয়েছে। অসুস্থ পরীক্ষার্থীদের জরুরি সেবা দিতে মেডিকেল টিম প্রস্তুত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা নিয়োজিত থাকবেন। এবারের ভর্তি পরীক্ষায় ২০২১ থেকে ২০২৩ সালের এসএসসি এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
এছাড়াও তালিকায় রয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়। এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষার পর দ্রুততম সময়ের মধ্যে উত্তরপত্র মূল্যায়ন করে ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে টেকনিক্যাল কমিটির।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন