রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৯:২১ পিএম

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের-মুসাদ্দিকের ওপর হামলা

শাহবাগে সংঘর্ষের পর উত্তেজনা

রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সন্ধ্যার এই উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। 

এই ঘটনার সময় ডাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও থানার ভেতরে আটকা পড়েন। বর্তমানে পুরো শাহবাগ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তথাকথিত গুপ্ত রাজনীতি এবং জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে বিকেল থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। সন্ধ্যার দিকে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের একদল কর্মী ওই এলাকায় উপস্থিত হলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

একপর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষের তীব্রতা বাড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আত্মরক্ষার্থে মুসাদ্দিক ও জুবায়ের দৌড়ে শাহবাগ থানার ভেতরে আশ্রয় নেন। অভিযোগ উঠেছে, একদল আন্দোলনকারী থানার ভেতরে ঢুকে মুসাদ্দিকের ওপর হামলা চালায়। ওই সময় থানার ভেতরে ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এবং মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, থানার ভেতর ও বাইরে মুহুর্মুহু স্লোগানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার পরপরই ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী শাহবাগ থানার মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হামলার বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। অন্যদিকে খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকেও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন। উদ্ভূত পরিস্থিতিতে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত শাহবাগ এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের জটলা ও উত্তেজনা বজায় রয়েছে। ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।