বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন: নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ০৬:১৪ পিএম

পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন: নতুন ঘোষণা শিক্ষামন্ত্রীর

ছবি - সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানান তিনি।কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী এই ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে। এর ফলে শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করছেন তিনি।

তিনি আরও জানান, পাবলিক পরীক্ষাগুলো আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে শিক্ষাব্যবস্থায় আরও গতিশীলতা আনতে এবং শিক্ষার্থীদের ওপর চাপ কমাতে এই সময়সূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।