বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত ইকো ইউনিভার্সিটির অনুমোদন দিল সরকার?

রবিউল এহ্সান রিপন

আগস্ট ১৭, ২০২৬, ০৮:৪৭ পিএম

উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার নতুন দিগন্ত ইকো ইউনিভার্সিটির অনুমোদন দিল সরকার?

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি এবং কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার খুলে ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিতব্য ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ইউএসটি) সরকারি অনুমোদন পেয়েছে। বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুধু একটি সাধারণ উচ্চশিক্ষা কেন্দ্র নয়, বরং দক্ষ মানবসম্পদ, আধুনিক গবেষণা এবং উদ্যোক্তা তৈরির একটি হাব হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। 

সোমবার ইএসডিওর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়টির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।বিশ্ববিদ্যালয়টির প্রধান দর্শন হলো—‘শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান’। ইএসডিও কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের কেবল ডিগ্রিধারী হিসেবে নয়, বরং প্রযুক্তিগত জ্ঞান, মানবিক মূল্যবোধ ও উদ্ভাবনী চিন্তায় পারদর্শী করে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য। এখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কৃষি ও জলবায়ু পরিবর্তনের মতো সমসাময়িক বিষয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির মতো ভবিষ্যৎমুখী খাতগুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রতিষ্ঠাতা ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁওয়ের মাটিতে উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দীর্ঘদিনের। সরকারি এই অনুমোদন পাওয়ায় তারা উচ্ছ্বসিত। তিনি জানান, ডিগ্রি প্রদানই মূল লক্ষ্য নয়, বরং শিক্ষার্থীদের কর্মজীবনে সফল হওয়ার সক্ষমতা তৈরি করাই হবে এই বিশ্ববিদ্যালয়ের সাফল্যের প্রধান মাপকাঠি।

স্থানীয় শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর রাজধানীমুখী হতে হবে না। কৃষি, জলবায়ু পরিবর্তন ও স্থানীয় প্রযুক্তিনির্ভর গবেষণার মাধ্যমে ঠাকুরগাঁওসহ পুরো উত্তরাঞ্চলের আর্থসামাজিক অবস্থার নতুন রূপান্তর ঘটবে বলে আশা করা হচ্ছে। মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতিও দিয়েছে ইএসডিও কর্তৃপক্ষ।