মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৫, ০২:৩৩ পিএম

মারা গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী

ভারতের সংগীত জগতে আবারও শোকের ছায়া নেমে এসেছে। ওড়িশার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী হিউম্যান সাগর অকালমৃত্যুবরণ করেছেন। মাত্র ৩৫ বছর বয়সে প্রতিভাবান এই শিল্পীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তার ভক্ত ও অনুরাগীরা। সোমবার রাতে ভুবনেশ্বরের এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার এই আকস্মিক প্রয়াণে ভারতের আঞ্চলিক সংগীত অঙ্গনে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি দীর্ঘস্থায়ী লিভার ফেইলিউর, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং শ্বাসযন্ত্রের জটিলতাসহ একাধিক অঙ্গ অকার্যকর হয়ে যাওয়ার মতো গুরুতর সমস্যায় ভুগছিলেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ দল তাকে বাঁচাতে সব ধরনের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করেছিল। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ১৭ নভেম্বর রাত ৯টা ৮ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।হিউম্যান সাগরের সংগীত জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য কিন্তু সংক্ষিপ্ত। ২০১২ সালে একটি জনপ্রিয় রিয়েলিটি শো ‘ভয়েস অব ওড়িশা সিজন–টু’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন।

এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে ‘ইশক তু হি তু’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে তার অভিষেক ঘটে। সিনেমাটিতে তার গাওয়া গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায় এবং তিনি রাতারাতি তারকা খ্যাতি পান। তার জাদুকরী কণ্ঠস্বর তাকে খুব অল্প সময়েই লাখো শ্রোতার হৃদয়ে স্থান করে দিয়েছিল।

তরুণ এই গায়কের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিখ্যাত প্লেব্যাক গায়ক হিউম্যান সাগরের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু সংগীত ও চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি শিল্পীর আত্মার শান্তি কামনা করেন। ভক্তদের ভালোবাসায় সিক্ত হিউম্যান সাগর তার গানের মাধ্যমেই বেঁচে থাকবেন শ্রোতাদের হৃদয়ে।