অক্টোবর ২৯, ২০২৫, ০৩:২৮ পিএম
ভারতের তথা উপমহাদেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আবারও বাংলাদেশে আসছেন। যার মায়াবী কণ্ঠ আর আবেগমাখা গায়কী কোটি কোটি শ্রোতার হৃদয় জয় করেছে, সেই অরিজিৎ সিং এবার সরাসরি ঢাকার মঞ্চে পারফর্ম করে মুগ্ধতা ছড়াবেন বলে জানা গেছে।
বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'ট্রিপল টাইম কমিউনিকেশন' এবং অনলাইন টিকিট প্ল্যাটফর্ম 'টিকিট টুমোরো' যৌথভাবে তাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে অরিজিৎ সিংয়ের বাংলাদেশে আসার বিষয়ে প্রাথমিক প্রচারণা শুরু করেছে। তারা বিভিন্ন পোস্টার ও গ্রাফিক্স শেয়ার করে এই জনপ্রিয় শিল্পীর আগমনের ইঙ্গিত দিয়েছে, যা ইতিমধ্যেই বাংলাদেশের অগণিত অরিজিৎ ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।
তবে অরিজিৎ সিং ঠিক কবে বাংলাদেশে আসছেন, কনসার্টটি কোথায় অনুষ্ঠিত হবে বা টিকিটের মূল্য কেমন হবে – সে বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই তারা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কনসার্টের তারিখ, স্থান এবং টিকিট সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করবে। অনলাইন প্রচারণায় ভক্তদের আগ্রহ দেখে মনে হচ্ছে, টিকিট ছাড়ার পরপরই তা শেষ হয়ে যেতে পারে।
উল্লেখ্য, অরিজিৎ সিংয়ের বাংলাদেশে কনসার্ট করার অভিজ্ঞতা এটাই প্রথম নয়। এর আগেও তিনি একাধিকবার ঢাকার মঞ্চে পারফর্ম করে শ্রোতাদের মাতিয়েছেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামে একটি মেগা কনসার্টে অংশ নিয়েছিলেন, যা দর্শকদের মনে এখনো গেঁথে আছে। দীর্ঘ বিরতির পর তার আবারও বাংলাদেশে আসার খবরে তাই উচ্ছ্বসিত এদেশের সংগীতপ্রেমীরা। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান সরাসরি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন