বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

ঢাকার অলিতে-গলিতে কোরবানির বর্জ্য, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৯, ২০২৬, ০৮:০২ পিএম

ঢাকার অলিতে-গলিতে কোরবানির বর্জ্য, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ছবি - সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার পরদিনও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও ড্রেনে পড়ে আছে কোরবানির বর্জ্য। গরম আবহাওয়ার কারণে এসব উচ্ছিষ্ট দ্রুত পচে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। শুক্রবার বিকেল পর্যন্ত মিরপুর, রামপুরা, মালিবাগ, ধানমন্ডি ও পুরান ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় পশুর নাড়িভুঁড়ি, রক্তমাখা পানি এবং চামড়া ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।ধীরগতির কারণে ক্ষোভ বাড়ছে।

বর্জ্য দ্রুত সরাতে দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ৮ ঘণ্টা এবং উত্তর সিটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভেতরের সড়কগুলোতে পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতা কম থাকায় নগরবাসী তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। দক্ষিণ সিটির প্রশাসক বর্জ্য সরাতে না পারার পেছনে পর্যাপ্ত ট্রাকের সংকটকে দায়ী করেছেন এবং শর্ত অমান্যকারী হাট ইজারাদারদের জরিমানার ঘোষণা দিয়েছেন। 

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই বর্জ্য দীর্ঘ সময় খোলা অবস্থায় থাকলে ব্যাকটেরিয়ার বিস্তারে ডায়রিয়া ও চর্মরোগের পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে।