সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৬:৫৪ পিএম
ঘুমের মধ্যে বা স্বাভাবিক অবস্থায় হঠাৎ করে মানুষের মৃত্যুর পেছনে হৃদপিণ্ড, মস্তিষ্ক এবং শ্বাসপ্রশ্বাসের মারাত্মক ব্যাঘাতকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে চিকিৎসা বিজ্ঞান। আপাতদৃষ্টিতে আকস্মিক মনে হলেও অভ্যন্তরীণ রক্ত সঞ্চালন বন্ধ হওয়া কিংবা কোষে তীব্র অক্সিজেনের ঘাটতি তাৎক্ষণিক প্রাণহানি ডেকে আনে। হৃদপিণ্ড ও শ্বাসতন্ত্রের চূড়ান্ত ব্যর্থতাই মূলত এই মৃত্যুর জন্য দায়ী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদের মতে, কার্ডিয়াক বা রেস্পিরেটরি ফেইলিউরের কারণে মুহূর্তেই জীবনহানি ঘটতে পারে।
রক্তনালী বন্ধ হয়ে হার্টের মাংসপেশিতে রক্ত চলাচল থেমে গেলে হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের কয়েক মিনিটের মধ্যে জরুরি চিকিৎসা ও সিপিআর নিশ্চিত করতে না পারলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। শ্বাসযন্ত্র শরীর থেকে কার্বন ডাই-অক্সাইড বের করতে এবং পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হলে তৈরি হয় রেস্পিরেটরি ফেইলিউর। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য বলছে, এ ধরনের জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রতি তিনজনের মধ্যে একজনের মৃত্যু ঘটে।
ফুসফুসের রক্তনালী হঠাৎ ব্লক হয়ে যাওয়ার অবস্থাকে পালমোনারি এম্বোলিজম বলা হয়। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পর এটি সারা বিশ্বে রক্তনালীর অন্যতম প্রাণঘাতী সমস্যা হিসেবে বিবেচিত। অনেক সময় প্রার্থনারত অবস্থায় সিজদায় আকস্মিক মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা এই জটিলতাকে শনাক্ত করে থাকেন। মস্তিষ্কে রক্ত সরবরাহ বিঘ্নিত হলে স্ট্রোক হয়, যার মধ্যে হেমোরেজিক স্ট্রোকে তাৎক্ষণিক মৃত্যুর ঝুঁকি সর্বাধিক।
এসব জটিলতায় শরীর আগেই কিছু সতর্কবার্তা দেয়। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকের মাঝখানে তীব্র ব্যথাসহ কাশি, শ্বাসকষ্ট ও বমি ভাব দেখা দেয়। শ্বাসযন্ত্র বিকল হওয়ার আগে ঠোঁট ও আঙুলের ডগা নীল হওয়া, অস্বাভাবিক ঘাম ও অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটে। পালমোনারি এম্বোলিজমে প্রতিটি শ্বাস নেওয়ার সাথে বুক, পিঠ বা চোয়ালে তীব্র ব্যথা বাড়ে। আচমকা শরীরের একপাশ অবশ হওয়া, তীব্র মাথাব্যথা এবং ভারসাম্য হারিয়ে ফেলা স্ট্রোকের স্পষ্ট লক্ষণ। সুষম খাবার গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান ও মদ্যপান সম্পূর্ণ বর্জন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লক্ষণ দেখা মাত্রই সময় নষ্ট না করে হাসপাতালে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন