শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

মোবাইলে এসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ১২:৩১ পিএম

মোবাইলে এসব অ্যাপ থাকলে সাইবার প্রতারণায় ফাঁসতে পারেন

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রয়োজনীয় অনেক অ্যাপের ভিড়ে অনেকেই না বুঝে এমন কিছু অ্যাপ ইনস্টল করে ফেলেন যা ডেকে আনতে পারে চরম বিপদ। গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে পাওয়া গেলেই যে কোনো অ্যাপ নিরাপদ—এমনটি ভাবলে বড় ভুল হবে। 

সম্প্রতি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এমন কিছু ক্ষতিকর অ্যাপের তালিকা প্রকাশ করেছেন যা দ্রুত ফোন থেকে সরিয়ে ফেলার জন্য ব্যবহারকারীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এই অ্যাপগুলো ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার পাশাপাশি আপনি ডিভাইসের নিয়ন্ত্রণও হারাতে পারেন।

বিশেষজ্ঞদের মতে নেটমাধ্যমে বর্তমানে অসংখ্য ভুয়া অ্যাপ ছড়িয়ে রয়েছে যা দেখে আসল না নকল তা বোঝার উপায় থাকে না। বিশেষ করে ‘সেক্স ক্র্যাপ্তকাররেন্সি’ নামক একটি অ্যাপ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে যা ইতোমধ্যে ১০ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছে। 

সাধারণ ক্রিপ্টোকারেন্সি অ্যাপ মনে হলেও এটি আসলে একটি ম্যালওয়্যার যা ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলার জন্য তৈরি করা হয়েছে। এ ছাড়া জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের আদলে তৈরি বিভিন্ন ক্লোন অ্যাপের মাধ্যমেও গ্রাহকদের ব্যাংক ও অনলাইন লেনদেনের গোপন তথ্য হ্যাক করার চেষ্টা করছে সাইবার অপরাধীরা।তালিকায় থাকা অন্যান্য ক্ষতিকর অ্যাপগুলোর মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার, আর্ট ফিল্টার এবং জিপিএস লোকেশন ফাইন্ডার। 

এ সব অ্যাপের আড়ালে লুকিয়ে থাকা ম্যালওয়্যার আপনার ফোনের গ্যালারি থেকে ব্যক্তিগত ছবি, ভিডিও এমনকি কন্টাক্ট লিস্ট বা বর্তমান অবস্থানের তথ্য চুরি করে নিতে পারে। এ ছাড়া স্মার্ট কিউআর ক্রিয়েটর ও আর্ট গার্লস ওয়ালপেপার এইচডির মতো অ্যাপগুলোর মাধ্যমে আপনার দৈনন্দিন কার্যকলাপে নজরদারি চালানো হতে পারে বলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন। কোনো নতুন অ্যাপ ইনস্টল করার আগে সেটির ডেভেলপার বা নির্মাতার নাম এবং ব্যবহারকারীদের মতামত ভালো করে যাচাই করে নেওয়া জরুরি।

সাধারণত অনেক অ্যাপ ইনস্টল করার সময় অপ্রয়োজনীয়ভাবে ফোনের অডিও, ভিডিও বা ক্যামেরার ব্যবহারের অনুমতি চায় যা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। হ্যাকাররা অনেক সময় একই নামে একাধিক অ্যাপ প্লে স্টোরে ছড়িয়ে দেয় তাই ডাউনলোড করার আগে কতবার সেটি ইনস্টল হয়েছে এবং সেখানে কোনো সন্দেহজনক লিঙ্ক আছে কি না তা দেখে নিতে হবে। 

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যেন অতি দ্রুত এসব সন্দেহজনক অ্যাপ ফোন থেকে মুছে ফেলা হয়। কারণ সামান্য অসতর্কতায় আপনি যেমন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তেমনি আপনার ব্যক্তিগত গোপনীয়তাও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। মূলত ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করাই এখন সময়ের দাবি।