এপ্রিল ১১, ২০২৬, ০৬:২৬ পিএম
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে তাদের জনপ্রিয় স্পার্ক সিরিজের নতুন সংযোজন ‘স্পার্ক ৫০’ সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই লাইনআপের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এই সিরিজে স্পার্ক ৫০ ফোরজি এবং স্পার্ক ৫০ ফাইভজি—এই দুটি ভিন্ন সংস্করণের ফোন রাখা হয়েছে।
স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী ব্যাটারি লাইফ এবং উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি এই ফোনগুলো নিয়ে দেশের প্রযুক্তি বাজারে বেশ আশাবাদী ব্র্যান্ডটি।
স্পার্ক ৫০ সিরিজের মূল আকর্ষণ হিসেবে থাকছে এর ফাইভজি সংস্করণটি। নতুন প্রজন্মের কানেক্টিভিটি নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ফাইভজি প্লাস প্রসেসর। বড় পর্দার অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে, যা ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে।
এর ফলে গেমিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং হবে অনেক বেশি আরামদায়ক। ছবির গুণগত মান নিশ্চিতে পেছনে ৫০ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এতে দেওয়া হয়েছে ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।নিরাপত্তা ও স্থায়িত্বের ক্ষেত্রে টেকনো এই সিরিজে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্পার্ক ৫০ ফাইভজি ফোনে আইপি৬৪ রেটিং দেওয়া হয়েছে, যা ধুলোবালি ও পানির ঝাপটা থেকে সুরক্ষা নিশ্চিত করে।
সেই সঙ্গে এতে রয়েছে মিলিটারি-গ্রেড প্রোটেকশন। আধুনিক ফিচার হিসেবে এতে টেকনো এআই এবং ফ্রিলিঙ্ক ২.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোনের পাশে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারকারীকে বাড়তি নিরাপত্তা দেবে। এছাড়া আইওএস ডিভাইসের সাথে দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধাও থাকছে এই মডেলে।অন্যদিকে, যারা নিয়মিত ব্যবহারের জন্য সাশ্রয়ী কিন্তু শক্তিশালী ফোন খুঁজছেন, তাদের জন্য থাকছে স্পার্ক ৫০ ফোরজি সংস্করণ।
হেলিও জি৮১ প্রসেসরে চালিত এই ফোনেও রয়েছে একই আকারের ১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। তবে ব্যাটারির দিক থেকে এটি ফাইভজি মডেলের চেয়েও এক ধাপ এগিয়ে। এতে ব্যবহার করা হয়েছে ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ব্যাকআপ নিশ্চিত করবে। এছাড়া এই সংস্করণে ডুয়াল স্টেরিও স্পিকার, ১.৮ মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং আইআর রিমোট কন্ট্রোলের মতো আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে।
বাজারে স্পার্ক ৫০ ফোরজি মডেলটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ১৭,৪৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। অন্যদিকে, শক্তিশালী স্পার্ক ৫০ ফাইভজি মডেলটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়। উল্লিখিত সকল দামের ওপর সরকারি ভ্যাট প্রযোজ্য হবে। স্মার্ট ও টেকসই ফিচারের কারণে বাংলাদেশের ক্রেতাদের পছন্দের তালিকায় টেকনো তার অবস্থান আরও সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন