সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:৪৬ পিএম
বৈশ্বিক বাজারে সর্বাধুনিক ২ ন্যানোমিটার চিপসেট প্রযুক্তির ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আসন্ন প্রিমিয়াম হ্যান্ডসেট OPPO Find X10 Pro Max-এ যুক্ত করা হচ্ছে মিডিয়াটেকের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর MediaTek Dimensity 9600 Pro। উন্নত আর্কিটেকচারের সমন্বয়ে তৈরি এই ডিভাইস আন্তর্জাতিক বাজারে ব্যবহারকারীদের জন্য উচ্চগতির পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ী নতুন অভিজ্ঞতা নিশ্চিত করবে।
স্মার্টফোনের অভ্যন্তরীণ কর্মক্ষমতায় যুক্ত হয়েছে অত্যাধুনিক সেমিকন্ডাক্টর স্থাপত্য। নতুন এই চিপসেটটি প্রস্তুত করা হয়েছে টিএসএমসির সর্বাধুনিক 2nm N2P উৎপাদন প্রক্রিয়ায়। আগের প্রজন্মের তুলনায় এই প্রসেসরের সিপিইউ মাল্টি-কোর শক্তি দক্ষতা প্রায় ৬১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ডিভাইসের ওপর সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক জটিল কাজগুলো দীর্ঘ সময় সচল রাখতে নির্ভরযোগ্য ভিত্তি দেবে। প্রসেসরে সম্পূর্ণ বড় কোরের সমন্বয়ে গঠিত অল-বিগ-কোর কাঠামো ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে দুটি ৪ দশমিক ৫৫ গিগাহার্টজ ক্লকস্পিডের C2-Ultra কোর এবং ছয়টি শক্তিশালী পারফরম্যান্স কোর। সব মিলিয়ে প্রসেসিং দক্ষতায় সার্বিক ১৭ শতাংশ উন্নতি এসেছে এবং প্রতিটি কোরের গতি আলাদাভাবে নিয়ন্ত্রণের সুবিধা থাকায় সিস্টেমের কাজের চাপ স্বয়ংক্রিয়ভাবে বণ্টিত হবে।
গ্রাফিক্স প্রযুক্তির ক্ষেত্রে হ্যান্ডসেটটিতে আনা হয়েছে ফ্ল্যাগশিপ মানের নতুন G2-Ultra NX GPU।
ভারী কাজের ক্ষেত্রে নতুন এই গ্রাফিক্স ইউনিটটি আগের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি গতি নিশ্চিত করতে সক্ষম, যা দীর্ঘসময় গেমিং ও ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহারের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখবে। এছাড়া এতে উন্নত রে ট্রেসিং এবং নতুন নিউরাল গ্রাফিক্স প্রযুক্তি যুক্ত করা হয়েছে। জটিল ভিজ্যুয়াল দৃশ্যপট দ্রুত ফুটিয়ে তুলতে এই নতুন গ্রাফিক্স প্রসেসর বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
যন্ত্রের ভেতরেই কৃত্রিম বুদ্ধিমত্তার গণনা সম্পন্ন করতে ডিভাইসটিতে একটি নতুন প্রজন্মের ডুয়াল NPU নকশা গ্রহণ করা হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন এনপিইউ এবং সুপার এফিশিয়েন্ট এনপিইউ-এর এই সমন্বয়ে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে প্রিফিল গতি প্রায় ৫১ শতাংশ দ্রুততর হয়েছে। অন্যদিকে সুপার এফিশিয়েন্ট অংশটি প্রায় ৪০ শতাংশ কম বিদ্যুৎ শক্তিতে ব্যাকগ্রাউন্ডে সার্বক্ষণিক এআই সেবাগুলো সচল রাখতে পারে।
এর পাশাপাশি প্ল্যাটফর্মটির কার্যকারিতা বাড়াতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত করা হয়েছে অপো ও মিডিয়াটেকের যৌথভাবে তৈরি `ল্যামিনার ফ্লো ইঞ্জিন`। এই প্রযুক্তি সিস্টেম রেন্ডারিং ও প্রসেসরের শিডিউলিং ব্যবস্থার মধ্যে সমন্বয় ঘটিয়ে অ্যাপ্লিকেশন দ্রুত চালু করতে এবং দ্রুত গতির স্ক্রলিংয়ে মসৃণ ভিজ্যুয়াল নিশ্চিত করতে সাহায্য করবে। আসন্ন বৈশ্বিক প্রকাশনা অনুষ্ঠানে ডিভাইসটির অন্যান্য প্রযুক্তিগত বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন