এপ্রিল ২৪, ২০২৬, ১১:০৭ পিএম
কুয়েতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আকাশপথে ডানা মেলতে যাচ্ছে দেশটির প্রধান দুই বিমান সংস্থা। আগামী রোববার থেকে কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ তাদের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করবে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানো হয়েছে।
কুয়েত সরকারের এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে থাকা প্রবাসী এবং নিয়মিত ভ্রমণকারীদের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে।কুয়েত সরকারের সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে যে, প্রথম ধাপে এক ডজনেরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পুনরায় চালু করা হবে।
মূলত বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে এই সাহসী পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বিশেষ সতর্কতামূলক এবং সাময়িক কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল।
দীর্ঘ সময় পর বিমানবন্দরটি চালু করার মাধ্যমে দেশটির পর্যটন ও পরিবহন খাতে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।দেশটির সিভিল এভিয়েশন অথরিটি ইতিমধ্যে জানিয়েছে যে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় সচল করার জন্য যাবতীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা প্রস্তুতি সফলভাবে সম্পন্ন হয়েছে।
যাত্রীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। ফ্লাইট চালুর এই সংবাদে যাত্রী সাধারণের পাশাপাশি বিমান পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝেও ইতিবাচক সাড়া দেখা দিয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা এবং নতুন নতুন গন্তব্য আরও বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন