মে ২৬, ২০২৬, ১২:০৯ পিএম
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার মার্কিন আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে কোনো চুক্তিতে যাওয়া পাকিস্তানের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পাকিস্তানের কাছে এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম দেশগুলোকে অবিলম্বে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার জন্য আহ্বান জানান।
তিনি ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির অংশ হিসেবে সৌদি আরব, কাতার ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের এই অনন্য বৈশ্বিক জোটের অংশ হওয়া দেশগুলোর জন্য সম্মানের।
কিন্তু পাকিস্তান তাদের আগের অবস্থানেই অটল রয়েছে।প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পররাষ্ট্রনীতি এবং আদর্শের সঙ্গে আপস করে এমন চুক্তিতে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। ট্রাম্পের এই আহ্বানের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোর মধ্যে সৌদি আরব, তুরস্ক, মিশর ও জর্ডান এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও পাকিস্তানের এই সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।পাকিস্তান এখন স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন