শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

দুই দিনের সফরে নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২৬, ০২:৪৭ পিএম

দুই দিনের সফরে নিউইয়র্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সদর দপ্তর

দুই দিনের সরকারি সফরে নিউইয়র্কে পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ইরান ও ইসরায়েল সংকট নিয়ে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যেই এই যুক্তরাষ্ট্র সফরটি শুরু হলো। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের বিতর্কে অংশ নেবেন তিনি।

সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।তবে নিরাপত্তা পরিষদের এই বিতর্কে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত অংশ নিতে পারছেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, তাকে ভিসা প্রদান করা হয়নি। 

এর ফলে ইরান ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান যে কূটনৈতিক তৎপরতা চলছিল, তা কিছুটা অনিশ্চয়তার মুখে পড়তে পারে।ইসহাক দারের সফর ও জাতিসংঘের এই বিতর্ক এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রে।

সফরকালে মোহাম্মদ ইসহাক দার বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে পাকিস্তান যে ভূমিকা পালন করছে, তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। 

বিশ্বমঞ্চে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি সংকট নিরসনে পাকিস্তান নতুন কোনো প্রস্তাব রাখে কি না, সেদিকেই নজর বিশ্বনেতাদের।কূটনৈতিক মহলে এই সফর নিয়ে জল্পনা বাড়ছে।