জুন ৪, ২০২৬, ০৫:১৩ পিএম
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে মমতার বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক অ-জামিনযোগ্য ধারা যুক্ত করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি সৃষ্টি করেছেন। এছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে দেওয়া তাঁর বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারীর মতে, এই মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং জানিয়েছেন, এই বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি।অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২, ১৫৩, ১৫৩(এ), ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এসব ধারার মধ্যে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। আগামী ৮ জুন আদালত খুললে মমতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করা হবে বলেও জানিয়েছেন আইনজীবী।
প্রসঙ্গত, সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিতে মমতা দাবি করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন। তিনি আরও দাবি করেন, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টরা মেঘালয় সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন। যদিও তিনি জড়িতদের কোনো নাম প্রকাশ করেননি, তবে এমন বক্তব্যের জেরে বাংলাদেশে বড় ধরনের প্রতিক্রিয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন