বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
ব্যর্থ মৃত্যুদণ্ড

ব্যর্থ মৃত্যুদণ্ডের পর আইসিইউতে চেতনা ফিরল সেই মার্কিন নারীর

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ১১:০৩ এএম

ব্যর্থ মৃত্যুদণ্ডের পর আইসিইউতে চেতনা ফিরল সেই মার্কিন নারীর

আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যর্থ চেষ্টার পর জ্ঞান ফিরেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ক্রিস্টা পাইকের। অতিমাত্রায় ঘুমের ওষুধ পেন্টোবার্বিটাল প্রয়োগের পরও অলৌকিকভাবে বেঁচে গেছেন ৫০ বছর বয়সী এই নারী। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তার আইনজীবীরা জানিয়েছেন, সমস্ত প্রতিকূলতা পার হয়ে ক্রিস্টা এখন চেতন আছেন।

 তবে তার দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁ হাতে অন্তত সাতটি ইনজেকশনের সুচ ফোটানোর চিহ্ন রয়েছে, যার একটি হাত থেকে খোলার সময় দুমড়ে-মুচড়ে গিয়েছিল। এত কিছুর পরও তাকে হাসপাতালের শয্যার সঙ্গে হ্যান্ডকাফ ও শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাতে ন্যাশভিলের কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম ডোজ ইনজেকশন দেওয়ার পর দীর্ঘ এক ঘণ্টা ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন ও ছটফট করছিলেন। দ্বিতীয় ডোজেও মৃত্যু নিশ্চিত না হওয়ায় তাকে দ্রুত ভেন্টিলেটরে রাখা হয়। ক্রিস্টা পাইকের অন্যতম আইনজীবী র‍্যান্ডি স্পাইভি এই ঘটনাকে চরম ‘নিষ্ঠুর ও নির্যাতনমূলক’ আখ্যা দিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের আগেই তারা সতর্ক করেছিলেন যে ক্রিস্টার হাতের শিরা খুঁজে পাওয়া কঠিন হবে। 

কিন্তু রাষ্ট্রপক্ষ ও সুপ্রিম কোর্ট তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। এই ব্যর্থ চেষ্টার পর তীব্র সমালোচনার মুখে টেনেসি অঙ্গরাজ্যের কারাগার বিষয়ক প্রধান ফ্র্যাঙ্ক স্ট্রাডা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তার মেয়াদে দুইটি অঙ্গরাজ্য মিলিয়ে অন্তত পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকর করার প্রচেষ্টা জটিলতার মুখে পড়ে। ১৯৯৫ সালে তৎকালীন প্রেমিক তাডারিল শিপকে নিয়ে ১৯ বছর বয়সী সহপাঠী কলিন স্লেমায়াকে হত্যার দায়ে ক্রিস্টাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ১৯৯৭ সালে শিপ যাবজ্জীবন কারাদণ্ড পান। অন্যদিকে, ক্রিস্টা প্রায় ৩০ বছর ধরে একাকী কারাবাসে রয়েছেন। পরবর্তীতে ক্রিস্টার শরীরে বাইপোলার ডিসঅর্ডার এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ধরা পড়ে। প্রাণভিক্ষার আবেদনে তিনি জানিয়েছিলেন, শৈশবে তিনি চরম নির্যাতনের শিকার হয়েছিলেন। 

এই বিপর্যয় থেকে তার বেঁচে ফেরাকে আমেরিকার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা বলছেন চিকিৎসকরা। আইনজীবীরা এখন টেনেসি অঙ্গরাজ্যের গভর্নরের কাছে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড মওকুফ করে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।