বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব, যা বলছে হামাস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:১৫ এএম

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব, যা বলছে হামাস

ছবি - সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেশ করা ২০ দফা শান্তি পরিকল্পনা পর্যালোচনা করে দেখছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পর্যালোচনার পর তারা এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুযায়ী, এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দিয়েছে মিশর ও কাতার।

নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ চ্যানেল জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর কাছে মার্কিন প্রস্তাবটি হস্তান্তর করেছেন। হামাস নিশ্চিত করেছে যে তারা প্রস্তাবটি ইতিবাচক ও বস্তুনিষ্ঠভাবে পর্যালোচনা করছে।

এর আগে ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার মূল বিষয়গুলো তুলে ধরেন। প্রস্তাবটিতে ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ফিলিস্তিনের গাজায় সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, 'গাজা যুদ্ধ বন্ধে আপনার (ট্রাম্প) পরিকল্পনাকে আমি সমর্থন করি।'

নেতানিয়াহু আরও বলেন, 'যদি হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে অথবা গ্রহণ করে পরে পিছু হটে, তাহলে ইসরায়েল একাই কাজটা শেষ করে দেবে। সহজ অথবা কঠিন যেকোনো পথেই এটি করা হবে। প্রথমত সহজ পথকে অগ্রাধিকার দেবো, কিন্তু এটাই করবো।'