সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৪৯ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোর পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। খবর বিবিসির।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে বাস্তবে রূপ দিতে একযোগে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। তিনি বলেন, “হামাসের এখন এই পরিকল্পনায় সম্মত হওয়া এবং অস্ত্র সমর্পণ ও সব জিম্মির মুক্তি দিয়ে দুর্ভোগের অবসান করা উচিত।”
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা বলেছেন, প্রস্তাবটির প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি উৎসাহিত হয়েছেন। তিনি মনে করেন, এখন সব পক্ষের এই সুযোগ কাজে লাগানো উচিত। ফ্রান্সের প্রেসিডেন্টও ট্রাম্পের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, যুদ্ধ অবসান ও জিম্মি মুক্তির প্রচেষ্টায় ভূমিকা রাখতে তার দেশও প্রস্তুত।
ইসরাইল অধিকৃত পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষও মার্কিন প্রেসিডেন্টের এই প্রচেষ্টাকে আন্তরিক বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে পশ্চিম তীর কর্তৃপক্ষ জানায়, তারা গাজা যুদ্ধের অবসান, সেখানে মানবিক সহায়তা সরবরাহ এবং জিম্মি ও বন্দিদের মুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, আঞ্চলিক রাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
এছাড়া, এক যৌথ বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান–এর পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের এই নেতৃত্ব এবং গাজায় যুদ্ধ বন্ধের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়
এই দেশগুলো শান্তি চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত, যা তাদের মতে “একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে পরিচালিত করবে। এর অধীনে গাজা একটি ফিলিস্তিন রাষ্ট্রে পশ্চিম তীরের সঙ্গে সম্পূর্ণরূপে একীভূত হবে।”



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন