বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনোয়ারুল ইসলাম

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০১:৩২ পিএম

নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম দৃঢ়তার সাথে বলেছেন যে দেশের ভবিষ্যৎ নির্বাচনের ওপরই নির্ভরশীল। তিনি সকল মহলের সংশয় দূর করে স্পষ্ট বার্তা দেন যে আগামী নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং এটি হবে সম্পূর্ণভাবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।

সোমবার কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নির্বাচন কমিশনার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন,

জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। এ সময় তিনি আহ্বান জানান, সকল কর্মকর্তাকে নির্ভয়ে ও নিরপেক্ষভাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে, কারণ দেশ তাদের পাশে রয়েছে। এই বার্তাটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কর্মকর্তাদের মনোবল বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং উপপ্রধান (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক, সিবিটিইপি প্রকল্প, নির্বাচন কমিশন সচিবালয়, মুহাম্মদ মোস্তফা হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন।দিনব্যাপী এই আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় উদ্ভূত সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেন এবং তা থেকে উত্তরণের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

বক্তারা সকলে একমত পোষণ করেন যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রকে গণতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, সেখানে সঠিক দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। নির্বাচন সুষ্ঠু করতে কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।