বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে গণকর্মচারীদের সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ১০:৫৮ পিএম

জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে গণকর্মচারীদের সমাবেশ

আগামী জানুয়ারি মাস থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় জাতীয় সমাবেশ এবং জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সচিবালয় অভিমুখে লংমার্চ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টাকে আলটিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করা হবে।

সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ সংবাদ সম্মেলনে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং আগামী ১ জানুয়ারি থেকে তা সম্পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এছাড়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণের জন্য সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের লক্ষ্যে জাতীয় সার্ভিস কমিশন গঠন করারও দাবি জানান তিনি। অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ করা এবং ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করা।

একই সঙ্গে আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্যপদগুলোতে রাজস্ব খাতে দ্রুত নিয়োগ এবং ব্লক পোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করার দাবি জানানো হয়। তিনি আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা অনুযায়ী সব সরকারি দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করারও জোর দাবি জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ আজমি এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।