বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ১২:৪৬ এএম

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রণয়ন নিয়ে জাতীয় বেতন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দীর্ঘ বৈঠক শেষ হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক চলে রাত ৮টা পর্যন্ত। বৈঠকে পে স্কেলের খসড়া প্রস্তুত করা হলেও কিছু সংশোধনীর জন্য আরও একাধিক বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টানা ৫ ঘণ্টার এই সভায় বিভিন্ন বিভাগ ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়।কমিশন সূত্র জানিয়েছে।

নবম পে স্কেলের সুপারিশ বাস্তবায়ন করা হবে মোট তিনটি ধাপে: ১. রিপোর্ট পেশ: প্রথমে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে। ২. সচিব কমিটি: এই রিপোর্ট সচিব কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। ৩. উপদেষ্টা পরিষদ: সচিব কমিটির ছাড়পত্র পাওয়ার পর উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং এরপরই গেজেট জারি করা হবে।বৈঠক সূত্রে জানা গেছে, পে স্কেলের ড্রাফট বা খসড়া প্রস্তুত থাকলেও কিছু বিষয়ে আরও নিখুঁত সংশোধন প্রয়োজন। এই প্রক্রিয়া শেষ করতে আগামীতে আরও অন্তত তিনটি পূর্ণ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই প্রতিবেদনটি সরকারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গত জুলাইয়ে এই কমিশন গঠন করে এবং ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেয়। তবে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দ্রুততম সময়ে গেজেট প্রকাশের দাবি জানানো হচ্ছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সব সংস্থার প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করছে যাতে একটি বৈষম্যহীন বেতন কাঠামো উপহার দেওয়া যায়।