সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১০:৩১ পিএম

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কৌশলগত বন্ধুত্ব স্থাপনে আগ্রহী যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ দাবি করেছে। ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিকের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। 

ওই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে যে, বাংলাদেশ বর্তমানে ইসলামপন্থার দিকে ঝুঁকে পড়েছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সেরা ফলাফল করবে বলে ওয়াশিংটন মনে করছে। 

এমন পরিস্থিতিতে জামায়াতকে শত্রু নয়, বরং ‘বন্ধু’ হিসেবে পাশে পেতে চায় যুক্তরাষ্ট্র।প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই কূটনীতিক সাংবাদিকদের জিজ্ঞেস করেছেন তারা ছাত্রশিবিরের নেতাদের টিভি টকশোতে আমন্ত্রণ জানাবেন কি না। 

তিনি বলেন, “আমরা চাই তারা আমাদের বন্ধু হোক।” তবে বাংলাদেশে শরিয়াহ আইন প্রবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি মার্কিন উদ্বেগের কথাও জানান। তিনি স্পষ্ট করেছেন যে, যদি জামায়াত ক্ষমতায় এসে শরিয়াহ আইন চালু করে বা পোশাক শিল্পে নারীদের কর্মঘণ্টা সীমিত করে, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। মূলত অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের এই নিয়ন্ত্রণকে লিভারেজ হিসেবে ব্যবহার করে জামায়াতকে চাপে রাখতে চায় তারা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, জামায়াত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জামায়াত প্রতিনিধিদের চারবার বৈঠক হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র মোনিকা শিই জানিয়েছেন, ডিসেম্বরে সাংবাদিকদের সঙ্গে হওয়া ওই আলোচনাটি ছিল একটি ‘অফ-দ্য রেকর্ড’ নিয়মিত বৈঠকের অংশ। অন্যদিকে জামায়াতের মার্কিন মুখপাত্র মোহাম্মদ রহমান ব্যক্তিগত কূটনৈতিক বৈঠকের বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও গত শুক্রবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রেয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের কথা স্বীকার করেছেন।

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারত-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে নতুন ফাটল তৈরি করতে পারে। কারণ ভারত জামায়াতকে সব সময়ই তাদের নিরাপত্তার জন্য হুমকি এবং পাকিস্তানের মিত্র হিসেবে বিবেচনা করে। প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন দূতাবাস আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারকে ‘রাজনৈতিক জিনিয়াস’ হিসেবে অভিহিত করেছে, যদিও তারা ওই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছে। তবে শেষ পর্যন্ত হাসিনাকে দোষী সাব্যস্ত করাকে তারা অসাধারণ কাজ হিসেবে বর্ণনা করেছে।