জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৪ এএম
জাতির প্রত্যাশিত একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
সেনাপ্রধান তাঁর বক্তব্যে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
চট্টগ্রামের এই মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেনাপ্রধান চট্টগ্রামের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় কমিশনার।
সিএমপি কমিশনার ও রেঞ্জ ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।একই দিনে সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেও বেসামরিক প্রশাসনের সাথে অনুরূপ এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি কুমিল্লায় কর্মরত সামরিক সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে আসন্ন নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং কঠোর শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করাই হবে সেনাবাহিনীর মূল লক্ষ্য।এর আগে সেনাপ্রধান হেলিকপ্টারযোগে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পৌঁছান এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনী এলাকায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সেনাবাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে যাতে সাধারণ ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন