জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেন, দেশের সব নাগরিক যাতে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য কমিশন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আজ রোববার দুপুরে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিদের কাছে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, স্বচ্ছতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তিনি বলেন, "আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং কূটনীতিকরা আমাদের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের স্বচ্ছতা দেখে তারা আমাদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।" বৈঠকে কূটনীতিকদের পক্ষ থেকে কোনো নেতিবাচক প্রশ্ন তোলা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সিইসি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং আনসার সদস্যদের মোতায়েন করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বৈঠকে কূটনীতিকরা এই পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে কমিশন তাদের বিস্তারিত অবহিত করে। সিইসি আরও বলেন, "আমরা তাদের জানিয়েছি যে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আমরা জাতিকে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে দায়বদ্ধ।
এ সময় সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন মনে করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমর্থন ও ইতিবাচক মনোভাব আসন্ন নির্বাচনকে আরও উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য করে তুলবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন