মার্চ ১৬, ২০২৬, ১১:২১ এএম
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন ও সাধারণ মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার (১৬ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনাগুলো জানানো হয়। মূলত ঈদের ছুটির আগে ও পরে মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
বিআরটিএ-র নির্দেশনা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের আগের ৩ দিন এবং পরের ৩ দিন অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের সকল মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য কিছু নির্দিষ্ট যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ। এছাড়া বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে যেকোনো ধরনের পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।
সড়কপথে যাত্রী সাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে এবং যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য বিআরটিএ বিশেষ হটলাইন নম্বর চালু করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের জন্য ১৬১০৭ নম্বরে কল করা যাবে। এছাড়া মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫০০৫৬৫৭৭-এ যোগাযোগ করে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন