মে ১৮, ২০২৬, ০৩:৩৪ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় এই ৩ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের উন্নয়ন পরিকল্পনা ও অর্থনৈতিক পুনর্গঠন বিশেষ গুরুত্ব পায়।
পরিকল্পনা কমিশনের মতে আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচির মোট আকার তিন লাখ কোটি টাকা।এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন এক লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান ধরা হয়েছে এক লাখ ১০ হাজার কোটি টাকা।
স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন যুক্ত হলে মোট উন্নয়ন ব্যয়ের পরিমাণ দাঁড়াবে তিন লাখ আট হাজার ৯২৪ কোটি টাকার বেশি। এবারের উন্নয়ন কর্মসূচি পাঁচ বছর মেয়াদি সংস্কার ও কৌশলগত কাঠামোর আলোকে প্রণয়ন করা হয়েছে। উন্নয়ন পরিকল্পনাকে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠনসহ মোট পাঁচটি প্রধান স্তম্ভে ভাগ করা হয়েছে।
বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়নকে এবারের কর্মসূচিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তায় বড় বরাদ্দ রাখা হয়েছে। সবচেয়ে বেশি ৫০ হাজার ৯২ কোটি টাকা পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত যা মোট উন্নয়ন কর্মসূচির ১৬ দশমিক ৭০ শতাংশ। শিক্ষা খাতে ৪৭ হাজার ৫৯১ কোটি, স্বাস্থ্যে ৩৫ হাজার ৫৩৫ কোটি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ যার পরিমাণ ৩৩ হাজার ৭৩৫ কোটি টাকা। তবে এবারের সবচেয়ে আলোচিত দিক হলো থোক বরাদ্দের ব্যাপক সম্প্রসারণ।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিশেষ উন্নয়ন সহায়তা মিলিয়ে প্রায় এক লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। বিপরীতে সরাসরি প্রকল্পভিত্তিক বরাদ্দ রয়েছে প্রায় এক লাখ ৮১ হাজার ৭১১ কোটি টাকা। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিবার কার্ডের জন্য ১৪ হাজার ৫০০ কোটি এবং কৃষক কার্ডের জন্য এক হাজার ৪০০ কোটি টাকা রাখা হয়েছে। প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচিতে মোট এক হাজার ১২১টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া আগামী ২০২৭ সালের জুনের মধ্যে সমাপ্তিযোগ্য প্রকল্পগুলো দ্রুত শেষ করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন