সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৫:১৮ পিএম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী।

জননিরাপত্তা রক্ষায় একটি এলিট ফোর্স প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার দুপুরে র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন যে পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‍্যাব। বর্তমানে এটি অ্যাডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে যা সঠিক নয় বলে তিনি উল্লেখ করেন। তাই বাহিনীটির জন্য একটি সম্পূর্ণ নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব পরিচালিত হবে।নতুন আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে কাজ করা বাহিনীটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 

এই বাহিনীর নাম পরিবর্তন করে নতুন কোনো এলিট ফোর্স গঠন করা হবে কি না সেটি নিয়ে সরকার এখনো চিন্তাভাবনা করছে। তবে এই বাহিনীর নিজস্ব অথরিটি এবং রেসপন্সিবিলিটি সুনির্দিষ্ট থাকবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ফ্যাসিবাদী শাসন আমলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির মতো র‍্যাবও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 পতিত সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের উগ্র বাসনায় এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছিল।তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার উদ্দেশ্য চরিতার্থ করতে কিছু কর্মকর্তার অপকর্মের কারণে গোটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের জন্য পুরো প্রতিষ্ঠান দায় নিতে পারে না। নিজস্ব আইনের আওতায় বিপথগামী এসব কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করতে ইতোমধ্যে অনুশাসন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সেই সময়েই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যখন তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছিল। যদি একটি নতুন এলিট ফোর্স হিসেবে এর নামকরণ করা হয় তবে তারা হয়তো এই স্যাংশন পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।