শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৭:৫১ পিএম

প্রশাসকের বিদেশ সফর প্রস্তাবে প্রধানমন্ত্রীর আপত্তি

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের বিদেশ সফরের আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে তার ফ্রান্স সফরের এই আবেদনটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি বাতিল করা হয়।

সোমবার স্থানীয় সরকার বিভাগের পাঠানো একটি সার-সংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে সরকারপ্রধান এই কঠোর সিদ্ধান্ত জানান।প্রস্তাবনা অনুযায়ী, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের কথা ছিল। 

আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়েছেন, যে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করা হবে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। যেহেতু প্রশাসক প্রকৌশলবিদ্যার সঙ্গে সরাসরি যুক্ত নন, তাই তার বিদেশ ভ্রমণের কোনো যৌক্তিকতা নেই। তবে ওই সফরের জন্য প্রস্তাবিত বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের সফরটি অনুমোদন করা হয়েছে।

প্রধানমন্ত্রী একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো উদ্ভাবনী ও কারিগরি কাজে বিদেশ না গিয়ে বুয়েটসহ দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় উন্নয়নে প্রকৃত বিশেষজ্ঞদের কাজে লাগানো এবং দেশের অর্থের সাশ্রয় নিশ্চিত করাই এই কঠোর সিদ্ধান্তের মূল লক্ষ্য। 

সংশ্লিষ্ট কাজের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই—এমন কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী প্রধানমন্ত্রী। এর আগেও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের একটি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে বাতিল করেছিলেন তিনি।