সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

পোশাক নিয়ে ‘কটাক্ষ’, বিএনপি এমপিকে এক হাত নিলেন নাহিদ

জাতীয় ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৬:৪৬ পিএম

পোশাক নিয়ে ‘কটাক্ষ’, বিএনপি এমপিকে এক হাত নিলেন নাহিদ

জাতীয় সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক বিএনপি সংসদ সদস্যের তীব্র সমালোচনা করা হয়েছে। আজ রোববার ১৪ জুন ২০২৬ তারিখে বিকেলে সংসদ অধিবেশন চলাকালে কুমিল্লা-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান বিরোধীদলীয় চিহ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

তিনি এই ঘটনাকে গভীর বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ এবং সংসদীয় রীতিনীতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেন।বিতর্কিত ওই বক্তব্যের জেরে সংসদের ভেতর এক অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নাহিদ ইসলাম ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে সম্বোধন করে এই কড়া প্রতিবাদ জানান। তিনি বলেন যে ওই সংসদ সদস্য তাঁর আপত্তিকর বক্তব্যে প্রথমত সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ কটাক্ষ করেছেন। 

ব্যক্তিগত সম্পর্ক বা ইতিহাস যা-ই থাক না কেন তা রাষ্ট্রীয় সংসদে এনে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা এক ধরনের অমার্জনীয় অপরাধ। এর পাশাপাশি বিরোধী দলের নারী সংসদ সদস্যদের পবিত্র ধর্মীয় স্বাধীনতা এবং পোশাকের অধিকার হরণ করে তিনি অত্যন্ত হীন মানসিকতার পরিচয় দিয়েছেন বলে নাহিদ ইসলাম দাবি করেন।

এর আগে মনিরুল হক চৌধুরী তাঁর মূল বক্তব্যে নিকাব পরা নারী সংসদ সদস্যদের উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বলেন যে আপনারা কারা তা আমরা বুঝলাম না। তিনি একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করতে গিয়ে বিরোধীদলীয় উপনেতার স্ত্রীকে ইঙ্গিত করে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য ছুড়ে দেন। পরবর্তীতে বিরোধী দলের সদস্যদের প্রবল প্রতিবাদের মুখে ডেপুটি স্পিকার ওই বিতর্কিত বক্তব্য এক্সপাঞ্জ করে দেন এবং কারও ব্যক্তিগত স্বাধীনতায় আঘাত দিয়ে কথা না বলার জন্য কড়া হুঁশিয়ারি দেন।