রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ট্রাফিক সিগন্যালে বদল এলেও ঢাকার সড়কে শৃঙ্খলা এখনও অধরা

জাতীয় ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:০১ এএম

ট্রাফিক সিগন্যালে বদল এলেও ঢাকার সড়কে শৃঙ্খলা এখনও অধরা

রাজধানীর বিভিন্ন ট্রাফিক সিগন্যালে কিছুটা উন্নতি দেখা গেলেও মূল সড়কে শৃঙ্খলা এখনও পুরোপুরি অধরা রয়ে গেছে। প্রতিনিয়ত লেন না মেনে যত্রতত্র চলাচল, উল্টো পথে গাড়ি চালানো এবং নানামুখী নিয়মহীনতার কারণে সাধারণ নগরবাসীর ভোগান্তি ক্রমাগত বাড়ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সড়ক ব্যবস্থাপনায় সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামা করা ঢাকার রাস্তাগুলোর একটি দীর্ঘদিনের বড় সমস্যা।অনেক সময় দেখা যায় কয়েকটি বাস পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ জায়গা দখল করে ফেলে, যা তীব্র যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। সিগন্যাল অমান্য করে উল্টো পথে বেপরোয়াভাবে গাড়ি চলাচলের ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বা এআই ক্যামেরা স্থাপনের ফলে রাজধানীর বেশ কয়েকটি ট্রাফিক সিগন্যালের চিরচেনা চিত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। 

কিন্তু সমস্যা হলো এই সিগন্যালগুলো অতিক্রম করার পরই চালকদের মধ্যে আর সেই নিয়ম মানার প্রবণতা দেখা যায় না।সাধারণ যাত্রীরা মনে করছেন এই আধুনিক ক্যামেরা প্রযুক্তি শুধু কয়েকটি মোড়ে সীমাবদ্ধ না রেখে পুরো শহরে ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এতে করে সমগ্র নগরীকে একটি সুনির্দিষ্ট নজরদারির আওতায় আনা সম্ভব হবে এবং আইন অমান্যকারীদের চিহ্নিত করা সহজ হবে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান জানান, অধিকাংশ চালকই রাস্তায় চলাচলের মৌলিক নিয়ম সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন না। বাস মালিকদের ট্রিপভিত্তিক বেতন ব্যবস্থার কারণে চালকেরা বেশি যাত্রী তোলার প্রতিযোগিতায় বেপরোয়া হয়ে ওঠেন, যার জন্য বিআরটিএ-র ফিটনেস ও লাইসেন্স প্রদান পদ্ধতিতেও বড় সংস্কার প্রয়োজন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, চালকদের অবশ্যই লেন মেনে গাড়ি চালাতে হবে এবং লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে আরও কঠোর ও কার্যকর করা প্রয়োজন।