জুলাই ৪, ২০২৬, ০৩:৩১ পিএম
চলতি ২০২৬-২৭ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষা উপবৃত্তির জন্য আগস্ট মাসে অনলাইনে আবেদন গ্রহণ করবে সমাজসেবা অধিদপ্তর। এ লক্ষ্যে জুলাই মাসজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।
আগ্রহী আবেদনকারীদের dss.bhata.gov.bd/online-application ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে আবেদন করতে হবে। প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের নামে ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও থাকা আবশ্যক।
সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা বর্তমানে নিয়মিত অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। এছাড়া যারা পূর্বে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে। নির্বাচিত উপকারভোগীরা চলতি বছরের ১ জুলাই থেকে এই ভাতা ও উপবৃত্তির সুবিধা প্রাপ্য হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন