শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

জাতীয় ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ১১:২২ পিএম

৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

সফটওয়্যার জটিলতা, ইন্টারনেট সংযোগে সমস্যা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারা ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ আবেদনকারীদের স্বস্তি দিয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেনের স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারিত ছিল।

তবে মাঠপর্যায়ের কর্মকর্তা ও সাধারণ আবেদনকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, বিভিন্ন কারিগরি জটিলতার কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আবেদনের সময়সীমা আরও ১৬ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের এই কার্যক্রমে মূলত পাঁচ ধরনের ভাতা ও শিক্ষা উপবৃত্তি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক ভাতা ও উপবৃত্তি এবং চা-শ্রমিকদের জন্য নির্ধারিত ভাতা ও শিক্ষা উপবৃত্তি।

নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। পূর্বের নির্দেশিকা ও শর্তাবলি বর্ধিত সময়ের ক্ষেত্রেও বহাল থাকবে বলে জানানো হয়েছে।