সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশ ও মিশরের সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৬, ১১:৫২ পিএম

বাংলাদেশ ও মিশরের সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ

ছবি : সংগৃহীত

দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বয় জোরদারের লক্ষ্যে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। রোববার রাতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেল-আতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ফোনালাপে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করার পাশাপাশি পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উভয় নেতা ঐকমত্য পোষণ করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য বিকাশে সুনির্দিষ্ট কিছু উৎপাদনশীল খাতকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়। আলোচনাকালে মিশরের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের একাশি বা ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। চলতি সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে যাওয়া এই অধিবেশনের এক বছর মেয়াদী কার্যকালে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থরক্ষা, বৈশ্বিক উন্নয়ন অভীষ্ট অর্জন এবং সংস্থার প্রাতিষ্ঠানিক সংস্কারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কায়রো। 

একই সাথে দুই দেশের মধ্যে অতীতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো দ্রুত কার্যকর করার ওপর বিশেষ জোর দেন মিশরের শীর্ষ কূটনীতিক। ফার্মাসিউটিক্যালস বা ওষুধশিল্প, তৈরি পোশাক, মৎস্যসম্পদ এবং চামড়াশিল্পে পারস্পরিক বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে বলে মত বিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলের সাথে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। মধ্যপ্রাচ্যের বিরাজমান ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং সংঘাতের বিস্তার রোধে চলমান কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরেন কায়রোর প্রতিনিধি। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে সাধারণ মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় যৌথ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আলোচনায় নিশ্চিত করা হয়।