অক্টোবর ২৭, ২০২৫, ১২:০৩ পিএম
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহতের ঘটনার পর প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-মতিঝিল রুটে মেট্রো চলাচল পুরোদমে স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে এই রুটে নিরবচ্ছিন্নভাবে ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সোমবার বেলা ১১টা থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় নিরবচ্ছিন্নভাবে চালু করা হয়েছে। এই সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড নিচে ফুটপাতে থাকা এক পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর যাত্রী নিরাপত্তার স্বার্থে পুরো রুটে তাৎক্ষণিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনার পর রোববার বেলা ৩টার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা আংশিকভাবে চালু করা হয়। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত আরেকটি অংশে সেবা চালু করা হলেও দুই অংশের মধ্যে সংযোগকারী আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত রুটটি বন্ধ ছিল।
প্রায় ২২ ঘণ্টা পর সোমবার বেলা ১১টায় সম্পূর্ণ রুটটি পরীক্ষা-নিরীক্ষা শেষে চলাচলের জন্য নিরাপদ ঘোষণা করা হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের ভোগান্তির অবসান ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন