অক্টোবর ২৭, ২০২৫, ০৩:১২ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, সারা দেশের ৩০০টি সংসদীয় আসনের জন্য চূড়ান্তভাবে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। এই কেন্দ্রগুলোতে মোট ভোটকক্ষের (বুথ) সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষদের জন্য ভোটকক্ষ রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ভোটকক্ষ রয়েছে ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
ইসি সচিব আরও জানান, প্রাথমিকভাবে নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রস্তুত করেছিল, তাতে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। সেই তুলনায় চূড়ান্ত তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে ইসি সচিবের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও মোট ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি এবং সে সময় মোট ভোটকক্ষ ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। সেই হিসাবে, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষ কমেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন